জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালিতে কর্মরত বাংলাদেশ পুলিশের কনস্টবল মোতাহার হোসেন (২৮) ও কনস্টবল ছামিদুল ইসলাম (৩০) ঘুর্ণিঝড়ের কবলে পড়ে মারা গেছেন। এ ঘটনায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক শোক জানিয়েছেন। সোমবার পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম দৈনিক আমার সংবাদকে এসব তথ্য জানান।

তিনি জানান, গত রোববার মালিতে স্থানীয় সময় সাড়ে ৫টার দিকে প্রবল বেগে ঘূর্ণিঝড় শুরু হয়। ওই ঝড়ের কবলে পড়ে মৃত্যুবরণ করেন মিশনে থাকা দুই পুলিশ সদস্য। ওই ঘটনায় আরো ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া মিশনে থাকা অন্যান্য পুলিশ সদস্য নিরাপদে আছে। মুলত যেখানে শান্তি রক্ষীরা থাকতেন সেখানকার কন্টিনজেন্টের(এক ধরণের ছাদের তৈরি ব্যারাক) ওপর দিয়ে ঘুর্ণিঝড় বয়ে যায়। ওই সময় কন্টিনজন্টে চাপা পড়ে। এতে এ দুর্ঘটনা ঘটে।

কনস্টবল মোতাহার হোসেন ১৯৮৮ সালে মুন্সীগঞ্জ জেলার চরপাথালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৭ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। গত ২ মে তিনি মালি মিশনে যোগ দেন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী খুকুমনি (১৯), ২ ভাই, ৩ বোনসহ অন্যান্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

কনস্টবল ছামিদুল ইসলাম ১৯৮৬ সালে শেরপুর জেলার বুটমারি গ্রামে জন্ম নেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে কনস্টবল পদে যোগ দেন। মালি শান্তিরক্ষা মিশনে যোগ দেন গত ২ মে । মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী সুর্জিনা আক্তার (২৪), ছেলে সাব্বির আহমেদ সৌরভ (৮), মেয়ে শ্রাবন্তী (২), ৩ ভাই, ২ বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাঁদের মরদেহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সম্ভাব্য দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আইজিপির শোক : বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল জনাব এ কে এম শহীদুল হক জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালিতে কর্মরত অবস্থায় নিহত দুই পুলিশ কনস্টবলের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবাণীতে আইজিপি বলেন, তাঁদের অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ অত্যন্ত শোকাহত। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে তাঁদের অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, তাঁরা জাতিসংঘের ম্যান্ডেন্ট ব্যস্তবায়নের পাশাপাশি মালিতে শান্তিরক্ষায় গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। াইজিপি নিহত পুলিশ সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।