লন্ডনে পৌঁছেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নবজাতক কন্যাকে পরম মমতায় নিজ কোলে তুলে নিয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন।রোববার বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সর্বকনিষ্ঠ নাতনি আজেলিয়া জয় পার্সিকে কোলে নিয়ে তিনি উচ্ছ্বসিত হয়ে পড়েন । এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ইহসানুল করিম বলেন, সেখানে শিশু কন্যাকে নিয়ে টিউলিপ ও তার স্বামী ক্রিস্টিয়ান উইলিয়াম সেন্ট জন পার্সি ছাড়াও তার মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক গত মাসে লন্ডনের রয়েল ফ্রি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন। নতুন নাতনি পেয়ে আনন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন গেন্ডারিয়ার আঞ্জুমানে মফিদুল ইসলাম ছাত্রী নিবাস এবং আজিমপুরের ছাত্রনিবাসে দরিদ্র, দুঃস্থ এতিমদের মধ্যে নতুন কাপড়, কেক ও মিষ্টি বিতরণ করেন।

তিন দিনের সরকারি সফরে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল উইমেন লিডারস ফোরামে’ যোগ দেওয়ার পথে লন্ডনে যাত্রা বিরতিতে রয়েছেন প্রধানমন্ত্রী।যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আবদুল হান্নান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

পরে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। স্থানীয় সময় বিকেল ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০৫) প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে লন্ডন পৌঁছে।

প্রধানমন্ত্রী লন্ডন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ১৮ মে সকাল ৮টা ২০ মিনিটে (লন্ডন সময়) বুলগেরিয়ার রাজধানী সোফিয়া যাত্রা করবেন। ফ্লাইটটির সোফিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে ১টা ১৫ মিনিটে (বুলগেরিয়ার স্থানীয় সময়) অবতরণের কথা রয়েছে।