<p><img title="  " src="images/news_picture/19939-droboamar.jpg" alt="" width="432" height="272" />দেশীয় বাংলা গানে নতুন কিছু সংযোজনের স্বপ্নটা ধ্রুব গুহর অনেক দিনের। এরইমধ্যে তিনি তার সেই স্বপ্নটাকে ছুঁতে পেরেছেন। ২০১৪ সালের শেষের দিকে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম &lsquo;শুধু তোমার জন্য&rsquo;। এর দুটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেন তিনি। অ্যালবামের টাইটেল ট্র্যাক &lsquo;শুধু তোমার জন্য&rsquo; গত বছরের শুরুতে এবং অন্যটি &lsquo;যে পাখি ঘর বোঝে না&rsquo; বছরের মাঝামাঝিতে ইউটিউবে প্রকাশ করেন এই শিল্পী। এরপর শুরু হয় ইউটিউব ঝড়। তুমুল দর্শকপ্রিয়তা পায় গান দুটি। বছর না পেরুতেই গান দুটি এক কোটিরও বেশি দর্শক-শ্রোতার নজর কাড়তে সক্ষম হয়। এবার ঐ অ্যালবামেরই বাকি ছয়টি গান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী।</p>
<p>তবে কোনো মিউজিক ভিডিও নয়। ছয়টি গানে থাকবে ছয়টি রঙ। লাল, নীল, বেগুনী, হলুদ, কমলা আর সবুজ এই ছয়টি রঙের মিশেলে তৈরি হবে ছয়টি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল প্রেজেন্টেশন। খুব শিগগিরই গানগুলো আপলোড হবে ধ্রুব গুহর নিজস্ব ইউটিউব চ্যানেলে। আর এই ব্যতিক্রমী মিউজিক্যাল প্রেজেন্টেশন নির্মাণ করছেন সুবব্রত সরকার।</p>
<p>এ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, &lsquo;আমার আগের দুটি মিউজিক ভিডিওর দর্শক সাড়ায় আমি অভিভূত। সকল ঋণ এবং কৃতজ্ঞতা আমার দর্শক-শ্রোতার কাছে। মূলত তাদের অনুরোধেই আমার প্রথম অ্যালবামের বাকী ছয় গানের এই ব্যতিক্রমী মিউজিক্যাল প্রেজেন্টেশন। এটা কোনো মিউজিক ভিডিও নয়। দর্শক-শ্রেতাদের নতুন এবং ব্যতিক্রমী একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এই মিউজিক্যাল প্রেজেন্টেশনগুলো সবার ভালো লাগবে।&rsquo;</p>