রংপুরে নাশকতার অভিযোগে দুই জামায়াত কর্মীসহ ১০৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৭ ছিনতাইকারী ও দুই মাদক মামলার আসামী রয়েছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মিঠাপুকুর থেকে দুই জামায়াত কর্মী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এরা হলেন, উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের আলহাজ্ব খবেজ উদ্দিনের ছেলে মোতালেব (৪০) ও মোঘলকোট গ্রামের বজলার রহমান মিয়ার ছেলে শাহজাদা মিয়া (৪৫)।

অন্যদিকে, নাশকতা, ছিনতাইকারী ও মাদকসহ বিভিন্ন মামলার চার্জশিটভূক্ত ১০৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, রংপুর নগরীর বিভিন্ন স্থান থেকে ৭ ছিনতাইকারী ও মাদক মামলার ২ আসামীসহ ১৫ জনকে আটক করা হয়েছে।

ছিনতাইকারী ও মাদক মামলার আসামীরা হলেন, নগরীর কামার পাড়ার মকবুল হোসেনের ছেলে রুমন হোসেন (২২) আলমনগর এলাকার আব্দুল্লাহর ছেলে শাহজান শাকিব, তসলিম উদ্দিনের ছেলে আজহার হোসেন (২৮), ইদ্রিস আলীর ছেলে রাজু মিঞা (২৫), মাহফুজ হোসেনের ছেলে সাজু মিঞা (২২), ধাপ কেল্লাবন্দ এলাকার আব্দুল গফুরের ছেলে আরিফুল ইসলাম (২০) ধাপ কাকুলি লেন এলাকার মোবারক আলীর ছেলে মোক্তার হোসেন (২১), পান্ডার দিঘি এলাকার আলতাব হোসেনের ছেলে হামিদুল ইসলাম লেবু, জহুর উদ্দিনের ছেলে রাহেদুল ইসলাম (৩৫) ও চেক পোষ্ট সেনা অডিটরিয়ামের সামনে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার গারা গ্রামের বাসিন্দা অহিদুল ইসলামের ছেলে সুমন সরকার (২৯) । এসময় তাদের কাছ থেকে ২০ পিছ ইয়াবা ও ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার বি-সার্কেল) মো. সাইফুর রহমান জানান, গ্রেফতারকৃতরা নাশকতা, মাদক মামলা ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। তাদের সোমবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।